ইসলামী ব্যাংকিংয়ে মানুষের আস্থা অটুট: গভর্নর
-
নিউজ প্রকাশের তারিখ :
Jan 10, 2026 ইং
ছবির ক্যাপশন:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসনের ঘাটতির সুযোগ নিয়ে অতীতে কিছু গোষ্ঠী ইসলামী ব্যাংকিং খাত থেকে লুটপাট চালালেও দেশের মানুষের আস্থা এখনও এই খাতের ওপর অটুট রয়েছে। তিনি বলেন, এর প্রমাণ হলো গত এক বছরে দেশের মোট আমানতের বড় একটি অংশ ইসলামী ব্যাংকগুলোতে জমা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গভর্নর জানান, ইসলামী ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে আমানতকারীদের তুলনামূলক ভালো মুনাফা দিতে সক্ষম হলেও দুর্বল সুশাসনের কারণে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান বিপুল অর্থ আত্মসাৎ করেছে। তবে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া সহায়তার অর্থ ফেরত দেওয়ায় খাতটির সক্ষমতা ও স্থিতিশীলতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে। তিনি বলেন, ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে এবং একটি পৃথক ইসলামী ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে। শরিয়াহ বোর্ডের ভূমিকা প্রসঙ্গে গভর্নর বলেন, বোর্ডকে আরও সাহসী ও নৈতিক অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে, কোনো চাপ বা ভয় দেখিয়ে তাদের কাজ প্রভাবিত করা যাবে না। সুকুক বন্ড প্রসঙ্গে তিনি বলেন, বেক্সিমকো সুকুক বন্ড জোরপূর্বক বিক্রির কারণে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের আস্থা নষ্ট হয়েছে, তবে নতুন করে ইসলামী সুকুক বন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গভর্নর দৃঢ়ভাবে বলেন, দেশের ব্যাংক খাতে আর কোনো ধরনের লুটপাটের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না এবং ইসলামী ব্যাংকিংকে আন্তর্জাতিক মানের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে সুশাসন, স্বচ্ছতা ও শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার বিকল্প নেই।
নিউজটি আপডেট করেছেন : Revolt News BD
কমেন্ট বক্স