২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আইসিসি এবং বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন ও পয়েন্ট কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে—ইএসপিএন ক্রিকইনফোর এমন প্রতিবেদনের পর বিষয়টি স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানায়, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে বোর্ড জানায়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের বিষয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে এবং সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আইসিসি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে এবং বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। বিসিবি আরও জানায়, বোর্ড কোনো ধরনের চূড়ান্ত আল্টিমেটাম দেয়নি এবং এ সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা বাস্তবতার প্রতিফলন নয়। আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক ও পেশাদার আলোচনার মাধ্যমেই এমন একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে চায় বিসিবি, যাতে ২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।
Revolt News BD