ঘুষ গ্রহণের অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলমকে এক লাখ ২০ হাজার টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পেনশন ও বেতন সমতাকরণ সংক্রান্ত নথি আটকে রেখে ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয় বলে দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। দুদক সূত্র জানায়, অভিযোগকারী মো. নূরুন্নবীর লিখিত অভিযোগের প্রাথমিক যাচাইয়ে ঘুষ দাবির সত্যতা পাওয়ায় কমিশনের অনুমোদনে ফাঁদ মামলা পরিচালনা করা হয়। অভিযানের সময় আশরাফুল আলম ঘুষের টাকা গ্রহণ করে নিজের অফিস টেবিলের ডান পাশের ড্রয়ারে রাখেন, পরে দুদকের ফাঁদ টিম নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ওই ড্রয়ার থেকে ঘুষের অর্থ উদ্ধার করে আইনানুগভাবে জব্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Revolt News BD