অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ আরশাদুর রউফকে অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এর প্রেক্ষাপটে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হলো মোহাম্মদ আরশাদুর রউফকে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এর দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
পরদিন ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির আদেশে মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
Revolt News BD