অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ ডিসেম্বর দাখিল করা পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং পদত্যাগের তারিখ থেকেই তা কার্যকর হয়েছে।
এর আগে ২৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন মো. আসাদুজ্জামান। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দুই দিন পর, ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরদিন ৮ আগস্ট সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন।
তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র কেনার পর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার সেই পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
Revolt News BD