ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরে রেমিট্যান্সে নতুন রেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 বিজয়ের মাস ডিসেম্বরেই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, যা দেশের রেমিট্যান্স ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দেশীয় মুদ্রায়, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে, যখন ঈদকে কেন্দ্র করে আসে ৩২৯ কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলার, যা এবার ডিসেম্বরে ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হলো।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ডিসেম্বরের রেমিট্যান্স নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি এবং গত বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে প্রায় ৫৯ কোটি ডলার। নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার। ডিসেম্বর মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৬৯ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। জুলাই মাসে রেমিট্যান্স আসে ২৪৭ কোটি ডলার, আগস্টে ২৪২ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ডলার এবং ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৩২২ কোটি ডলারে। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনার ইতিবাচক প্রভাবেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।


 


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স