শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জিয়া উদ্যানের ভেতরে অবস্থিত এই সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশের সুযোগ দেওয়া হয়। এর আগে সংস্কারকাজ চলমান থাকায় ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা সেখানে ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণি মোড়ে প্রবেশমুখে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কের পাশে দাঁড়িয়ে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
পরে সংস্কারকাজ শেষ হওয়ায় দুপুরে উদ্যান খুলে দেওয়া হলে মানুষ একে একে সমাধিস্থলে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
Revolt News BD