আগামীকাল বুধবার বাদ জোহর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল থেকে মরহুমার মরদেহ সংসদ ভবনে নেওয়ার নির্ধারিত রুট ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরদেহ বহনকারী কনভয় এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করবে এবং নৌ সদর দপ্তর হয়ে গুলশান-২-এর বাসভবন ফিরোজা, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট ও বিজয় সরণি দিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে পৌঁছাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশ করবে কনভয়। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়ে ডিএমপি জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ করেছে।
Revolt News BD