জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ নিয়ে সময়সীমা বাড়তে পারে—এমন গুঞ্জন থাকলেও বিকেলে ইসি সচিব আখতার আহমেদ স্পষ্ট করে জানান, নির্ধারিত সময়ের বাইরে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। তিনি বলেন, শেষ দিন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার পূর্ণাঙ্গ তথ্য রাত ১০টার পর সংকলন শেষে জানানো হবে। তফশিল অনুযায়ী বিকাল ৫টার মধ্যে সারা দেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। সংশোধিত নির্বাচন সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে, ৫ থেকে ৯ জানুয়ারি আপিল দায়ের, ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Revolt News BD