মুম্বাই সিটি ফুটবল ক্লাবের মালিকানা আবার পুরোপুরি ভারতীয় হাতে চলে এসেছে। ম্যানচেস্টার সিটির মালিক প্রতিষ্ঠান সিটি ফুটবল গ্রুপ (সিএফজি) দীর্ঘ পাঁচ বছরের বিনিয়োগের পর মুম্বাই সিটি থেকে তাদের সব শেয়ার তুলে নিয়েছে। ২০১৯ সালে বড় স্বপ্ন নিয়ে ক্লাবের ৬৫ শতাংশ মালিকানা নেওয়া সিএফজি এখন আর ভারতীয় লিগ ইন্ডিয়ান সুপার লিগের অনিশ্চিত ভবিষ্যতে বিনিয়োগ করতে চায়নি।
এই সময়ে সিটি গ্রুপের ছায়ায় মুম্বাই দুইবার আইএসএল লিগ শিল্ড এবং দুইবার আইএসএল কাপ জিতেছে। তবে মাঠের সাফল্য প্রশাসনিক জটিলতার কারণে পূর্ণ প্রভাব ফেলতে পারেনি। সিএফজি তাদের শেয়ার ক্লাবের পুরোনো মালিক রণবীর কাপুর এবং বিমল পারেখের কাছে ফেরত দিয়ে মুম্বাই সিটিকে আবারও ভারতীয় মালিকানাধীন ক্লাব হিসেবে পুনঃস্থাপন করেছে। এভাবে ভারতীয় ফুটবলের এই ক্লাব আবার পুরোপুরি দেশীয় নিয়ন্ত্রণে চলে এসেছে।
Revolt News BD