বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনেই এই শুভেচ্ছা বার্তা দেন জামায়াত আমির। এদিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান, এ সময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দুপাশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন, আর চলন্ত বাস থেকেই তিনি সবার প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
Revolt News BD