র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। শুনানিকালে ট্রাইব্যুনাল প্রথমেই আসামিদের পক্ষে করা অব্যাহতির আবেদন খারিজ করেন এবং এরপর সবার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর ঘোষণা দেন। একই সঙ্গে গ্রেফতার আসামিদের একে একে অভিযোগ পড়ে শোনানো হয়। আদালত জানান, এ পর্ব শেষে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে, যা ন্যূনতম ২১ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।
এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকা ছিল কঠোর নিরাপত্তার মধ্যে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়। সকাল ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে র্যাব ও সেনাবাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনাসহ সাতজন এখনো পলাতক রয়েছেন বলে আদালতকে জানানো হয়।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা আদালতে উপস্থিত ছিলেন এবং অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন। এর আগে আসামিপক্ষের আবেদনের কারণে অভিযোগ গঠনের আদেশ দুই দিন পিছিয়ে ২৩ ডিসেম্বর দেওয়া হয়। প্রসিকিউশন পক্ষ এ বিলম্বের বিরোধিতা করে। ট্রাইব্যুনাল মনে করেন, অভিযোগপত্র ও উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলার বিচার শুরু করার যথেষ্ট উপাদান রয়েছে। ফলে দীর্ঘ প্রক্রিয়ার পর মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হলো।
Revolt News BD