দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কঠোর নির্দেশনা দেন তিনি। সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি এবং সাম্প্রতিক সহিংসতার বিষয়গুলো গুরুত্ব পায়। পুলিশ জানায়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িত তিনজনকেও শনাক্ত করা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ওসমান হাদি হত্যাসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়ে নির্বাচন ও উৎসবকাল ঘিরে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করার তাগিদ দেন।
Revolt News BD