আন্তর্জাতিক ডেস্ক।
মস্কোয় আয়োজিত বছরের শেষ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন যে, ইউক্রেনের দখল করা ভূখণ্ড নিয়ে কোনো ধরনের আপস করবে না ক্রেমলিন। শুক্রবার প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এই সম্মেলনে তিনি উল্লেখ করেন, কিয়েভকে অবশ্যই রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চারটি অঞ্চলসহ ২০১৪ সালে যুক্ত করা ক্রিমিয়ার দাবি ত্যাগ করতে হবে। পুতিন দাবি করেন, যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ বর্তমানে রুশ সেনাদের হাতে এবং চলতি বছর শেষ হওয়ার আগেই তারা আরও নতুন এলাকা দখলে নিতে সক্ষম হবে। পশ্চিমা গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ বাহিনী বর্তমানে প্রতিদিন গড়ে ১২ থেকে ১৭ বর্গকিলোমিটার এলাকা দখল করছে। সম্মেলনে পুতিন কেবল সাংবাদিকদের প্রশ্নের উত্তরই দেননি, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ২০ লাখেরও বেশি রুশ নাগরিকের করা বিভিন্ন প্রশ্নের মধ্য থেকে বাছাইকৃত বিষয়েরও ব্যাখ্যা দেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি সংবিধান অনুযায়ী ভূখণ্ড হস্তান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পুতিন তার লক্ষ্য অর্জনে অনড় অবস্থানে রয়েছেন। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ হতাহত বা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হলেও পুতিনের বক্তব্যে যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং দনবাসের বাকি অংশ হস্তান্তরের দাবিতে তিনি অটল রয়েছেন।
Revolt News BD