আন্তর্জাতিক ডেস্ক।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় সাম্প্রতিক সময়ে যে পুনরুদ্ধার দেখা গেছে, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জীবনযাত্রার বাড়তি ব্যয় মোকাবিলায় তাঁর নতুন উদ্যোগগুলো। রয়টার্স–ইপসোসের সর্বশেষ ছয় দিনের জরিপে দেখা গেছে, গত মাসের শেষ দিকে ৩৮ শতাংশে নামা সমর্থন হার কিছুটা বেড়ে ৪১ শতাংশ হয়েছে। দ্বিতীয় মেয়াদের শুরুতে যে ৪৭ শতাংশ সমর্থন ছিল, তা থেকে অনেকটাই কমে গেলেও গত কয়েক সপ্তাহে তিনি মূল্যস্ফীতি ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে মনোযোগ বাড়ানোয় রিপাবলিকানদের মধ্যে তাঁর প্রতি আস্থা আবার ঘুরে দাঁড়াচ্ছে। এক সময় ডেমোক্র্যাটদের মূল্যস্ফীতির সমালোচনা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিলেও এখন ট্রাম্প নিজেই কিছু শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছেন এবং খাদ্যের দাম কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। জরিপে দেখা যায়, জীবনযাত্রার ব্যয় সামলানোর বিষয়ে তাঁর কার্যক্রমকে ২৬ শতাংশ থেকে বেড়ে এখন ৩১ শতাংশ উত্তরদাতা অনুমোদন করছেন। রিপাবলিকানদের মধ্যে এ অনুমোদন আরও বেশি—৬৯ শতাংশ। সামগ্রিকভাবে তাঁদের সমর্থন ৮২ থেকে বেড়ে ৮৫ শতাংশে দাঁড়িয়েছে। শুধু রিপাবলিকান নয়, হিস্পানিক ভোটারদের মধ্যেও তাঁর সমর্থন সামান্য বেড়ে ৩২ থেকে ৩৪ শতাংশ হয়েছে, যা ট্রাম্পের মোট জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময়ও মূল্যস্ফীতি ঐতিহ্যগত গড়ের তুলনায় বেশি—গত সেপ্টেম্বর পর্যন্ত বছরে ৩ শতাংশ—তবু মানুষ মনে করছে, বর্তমান প্রশাসন বিষয়টি নিয়ে আগের চেয়ে বেশি সক্রিয়। সারাদেশের ৪ হাজার ৪৩৪ জনের ওপর পরিচালিত অনলাইন জরিপটি ইঙ্গিত দিচ্ছে, জীবনযাত্রার ব্যয়ের চাপই এখন মার্কিন রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাবক, আর সে কারণেই ট্রাম্পের গ্রহণযোগ্যতা ধীরে ধীরে আবারও চাঙা হয়ে উঠছে
Revolt News BD