নিজস্ব প্রতিবেদক।
পাকিস্তানের বাঁহাতি ব্যাটার ফখর জামানকে শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর জামান মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনজন আম্পায়ার। আইসিসি কোড অব কনডাক্টের ২.৮ ধারা লঙ্ঘনের জন্য জামানকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি রিয়ন কিং শাস্তি নিশ্চিত করেন এবং জামান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেয়ার কারণে আনুষ্ঠানিক শুনানি হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন সতর্কবার্তা এবং সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট ধার্য করা হয়।
Revolt News BD