ঢাকা | বঙ্গাব্দ

১২ হাজার বছরের নীরবতা ভেঙে ইথিওপিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছাই উড়ে পৌঁছাল দক্ষিণ এশিয়ায়

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
অগ্ন্যুৎপাত ছবির ক্যাপশন: অগ্ন্যুৎপাত
ad728

আন্তর্জাতিক ডেস্ক,ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘ প্রায় ১২ হাজার বছর নিস্তব্ধ থাকা হায়লি গুবি আগ্নেয়গিরি হঠাৎই অগ্ন্যুৎপাত শুরু করেছে। রোববার কয়েক ঘণ্টা ধরে চলা এই অগ্ন্যুৎপাত আকাশে সৃষ্টি করেছে প্রায় ১৪ কিলোমিটার উঁচু ধোঁয়া ও ছাইয়ের বিশাল স্তম্ভ, যা বাতাসে ভেসে পাড়ি দিয়েছে ইয়েমেন ও ওমান হয়ে দক্ষিণ এশিয়ার আকাশ পর্যন্ত।

টুলুজ আগ্নেয়ছাই পরামর্শ কেন্দ্রের (ভিএএসি) দেওয়া তথ্য অনুযায়ী, আগ্নেয়গিরি থেকে নির্গত ঘন ধোঁয়া দ্রুত উপরে উঠে মহাকাশ থেকে দৃশ্যমান বিশাল মেঘ তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও দেখা যায়, আগ্নেয়গিরির মুখ থেকে কয়েক মুহূর্তেই সাদা ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে।

রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আফার অঞ্চলে অবস্থিত হায়লি গুবি রিফট ভ্যালির অভ্যন্তরে পড়ে, যা দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল। ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য অঞ্চলটি পরিচিত হলেও হায়লি গুবির ক্ষেত্রে বরফ যুগের পর শুরু হওয়া হোলোসিন সময়ে কোনো অগ্ন্যুৎপাতের রেকর্ড পাওয়া যায়নি।

স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম এবং মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে প্রায় ১২ হাজার বছর পরই এই অগ্ন্যুৎপাত ঘটেছে। অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের দিকেও ছড়িয়ে পড়েছে বলে পর্যবেক্ষণে দেখা গেছে।

বহু বছর সুপ্ত থাকা এই আগ্নেয়গিরির আকস্মিক অগ্ন্যুৎপাত শুধু ইথিওপিয়া নয়, বরং পার্শ্ববর্তী দেশ ও দক্ষিণ এশিয়ার আকাশেও প্রভাব ফেলেছে, যা বিজ্ঞানীদের নতুন করে ভূ-তাত্ত্বিক বিশ্লেষণে আগ্রহী করে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স