নিজস্ব প্রতিবেদক,
দীর্ঘ বিরতির পর পুনরায় নিজেদের ঐতিহ্যের মাঠ ক্যাম্প ন্যুতে ফিরেই বড় জয় তুলে নিল বার্সেলোনা। সংস্কারকাজ সম্পূর্ণ না হওয়ায় সীমিত সংখ্যক—মাত্র ৪৫ হাজার—দর্শকের উপস্থিতি থাকলেও খেলায় কোনো ঘাটতি ছিল না। ৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরেই অ্যাথলেটিক বিলবাওকে ৪–০ গোলে উড়িয়ে দেয় কাতালানরা, ফলে রিয়াল মাদ্রিদকে সরিয়ে লা লিগার শীর্ষেও উঠে যায় তারা।
শনিবার রাতে নিজেদের মাঠে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে বার্সা। ফেররান তোরেস দলের হয়ে দুটি গোল করেন, আর একটি করে গোল আসে রবার্ট লেভান্ডফস্কি ও ফারমিন লোপেজের পা থেকে। তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল না পেলেও দুটি নিখুঁত অ্যাসিস্টে নজর কাড়েন।
পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে বিলবাও ১৩টি শট নিলেও মাত্র দুটি অন টার্গেট ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লোপেজের গোল হজমের পর বিলবাওয়ের বিপদ আরও বাড়ে—তাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ওইহান সানচেট, ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।
ইনজুরি কাটিয়ে ফেরত আসা গোলরক্ষক হুয়ান গার্সিয়া শুরু থেকেই ছিলেন দারুণ ফর্মে। শেষদিকে বদলি হিসেবে মাঠে নামেন রাফিনিয়াও। যোগ করা সময়ে ইয়ামালের পাস থেকে তোরেস নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা বিলবাওয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল—এর মধ্যে ১০টিতেই জয়। লা লিগায় ১৩ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে বার্সার সংগ্রহ ৩১ পয়েন্ট। একই পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে নেমে গেছে।
Revolt News BD