এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে “পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিস্টানকরণ ও খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার” নামে মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কিছু মহল পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলের শান্তিপ্রিয় জনগোষ্ঠীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। মিথ্যা তথ্য ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এই সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
Revolt News BD