মো: বিলাল উদ্দিন, সিলেট প্রতিনিধি:: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা।
সূত্রে জানা যায়, অনুমোদিত এসব প্রকল্পের বেশিরভাগই ঢাকাকেন্দ্রিক ও দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলভিত্তিক। কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট অঞ্চল এবারও উপেক্ষিত হয়েছে। সিলেট বিভাগের কোনো নতুন প্রকল্প বা অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ এ তালিকায় স্থান পায়নি।
স্থানীয় নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল সিলেট বারবার একনেক বৈঠকে উপেক্ষিত হচ্ছে। অথচ এখানকার সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অবকাঠামো উন্নয়নে জরুরি ভিত্তিতে বড় প্রকল্পের প্রয়োজন।”
গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জসহ সীমান্তবর্তী এলাকার উন্নয়ন প্রকল্পের দাবি দীর্ঘদিন ধরেই জানানো হলেও কার্যত কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। সিলেটের জনপ্রতিনিধিরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা জরুরি। শুধুমাত্র রাজধানী ও দক্ষিণাঞ্চলনির্ভর প্রকল্প অনুমোদন দিলে দেশের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন থেকে আরও পিছিয়ে পড়বে।
একনেকের এ বৈঠকে যেসব মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদন পেয়েছে, তার মধ্যে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ কয়েকটি বড় খাত। কিন্তু সিলেট বিভাগের উন্নয়ন প্রকল্পের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্মী পর্যন্ত।
স্থানীয় উন্নয়ন কর্মীরা বলেন, “সিলেট হচ্ছে প্রবাসী নির্ভর অঞ্চল। এখানকার জনগণ বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন, কিন্তু সরকার উন্নয়ন প্রকল্পের বেলায় এই অঞ্চলের প্রতি অবহেলা দেখাচ্ছে — যা অন্যায় ও বৈষম্যমূলক।”
Revolt News BD