পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস গত বুধবার সকালে উদযাপিত হয়েছে। “সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার ও সহকারী তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নানা সমস্যা তুলে ধরে তাদের প্রতি সম্মান, মর্যাদা ও মানবিক আচরণের গুরুত্বে জোর দেন। জেলা প্রশাসক আশরাফুল আলম খান তাঁর বক্তব্যে বলেন, “আমরা নিজ নিজ অবস্থান থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করবো। আগামী বছর এই দিনে কমপক্ষে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী দেখতে চাই।”
আলোচনা সভার শেষে জেলা প্রশাসক পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে স্মার্ট সাদা ছড়ি তুলে দেন।
Revolt News BD