সালথা (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত রিপন মোল্যা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. আক্তার মোল্যার ছেলে।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে আনুমানিক রাত ৩টার দিকে রিপন মোল্যা সিঁধ কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় থাকা গৃহবধূকে সে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে এসে বিষয়টি জানতে পারে। পরে সকালে এলাকাবাসী রিপনকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
ভুক্তভোগীর স্বামী বলেন, “পেটের তাগিদে গত আট দিন ধরে অন্য এলাকায় শ্রমিকের কাজ করছি। বাড়িতে শুধু স্ত্রী ও দুই সন্তান ছিল। ঘটনার রাতে রিপন আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
সালথা থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নের প্রক্রিয়া চলছে।
Revolt News BD