ঝিনাইদহের কালীগঞ্জে কুমিল্লার এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়ি থেকে ৮০ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাক্তন স্ত্রীসহ তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী কাজী মোঃ বাচ্চু মিয়া (৬২), পিতা- কাজী আঃ মজিদ, সাং-পূর্ব লাকসাম, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া নদীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি কুমিল্লায় "বিসমিল্লাহ সজি ভান্ডার" নামে কাঁচামালের ব্যবসা পরিচালনা করে আসছেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রাক্তন স্ত্রী টুনি আক্তার (৩৮), তার ছেলে বাপ্পী (২১) এবং আরও এক অজ্ঞাত ব্যক্তি গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ তার বসতবাড়িতে প্রবেশ করে। এসময় তারা বসতঘরের বিছানার নিচে রাখা নগদ ৮০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাধা দিতে গেলে আসামিরা ব্যবসায়ী বাচ্চু মিয়ার শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা ভবিষ্যতে খুন-জখম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
বিষয়টি নিয়ে পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Easin Arafat