ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা মোফাখারুল ইসলাম খোকনের সভাপতিত্বে ট্যুরিস্ট পুলিশের পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো: নাইমুল হক পিপিএম। এনিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ময়নার মোড় এলাকার হোটেল হেরা’র হলরুমে জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হোটেল হেরা আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন মোফাখারুল ইসলাম খোকন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। এ সময় ট্যুরিষ্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো: নাইমুল হক পিপিএম'কে প্রধান অতিথি হিসাবে পাশে বসে থাকতে দেখা গেছে।
এছাড়াও অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিএনপিপন্থি ব্যবসায়ি সংগঠনের নেতা তৌহিদুজ্জামান ছোটন, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব ময়মনসিংহ নামক সংগঠনের উপদেষ্টা ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না। এদের মধ্যে ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না আওয়ামীপন্থি সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে সমাধিক পরিচিত।
এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। তারা বিষয়টিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে দেখছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি ও ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক মো: আনোয়ার হোসেন মঞ্জু এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, প্রশাসনের ভেতর থেকে একটি মহল পরিকল্পিতভাবে পতিত আওয়ামী লীগের দোসরদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। এভাবে তারা আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রমোট করতে চায়। অবিলম্বে এই দোসর ও তাদের সহযোগীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিত।
খবরের সত্যতা নিশ্চিত করে মোফাখারুল ইসলাম খোকন বলেন, আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবক লীগে আমার যে সব পদ ছিল, তা এখন সাবেক। মূলত আমি ওই অনুষ্ঠানে হোটেল মালিক হিসাবে উপস্থিত ছিলাম।
জানতে চাইলে ট্যুরিষ্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো: নাইমুল হক পিপিএম বলেন, হোটেল হেরা কর্তৃপক্ষ জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। আমি ট্যুরিষ্ট পুলিশের এসপি হিসাবে অনুষ্ঠানে ছিলাম। তবে অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা কী-না, তা আমার জানা ছিল না।
এদিকে মতবিনিময় সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারকে অনুষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোফাখার হোসেন খোকন ক্রেস্ট প্রদান করেন। এতে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের অংশ নিতে দেখা যায়।
Efte Khairul Alam Sajib