ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে এ চুরির ঘটনাটি ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় এক দুর্বৃত্ত মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। কিছুক্ষণ পর মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দির থেকে কিছু মালামাল চুরি করে দ্রুত পালিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি বক্ষ্মীম মুক্ষারর্জি জানান, প্রতীমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইমিটেশনের কয়েকটি গহনা নিয়ে গেছে চোর। তার ধারণা, প্রতীমার গলায় আসল স্বর্ণালঙ্কার আছে ভেবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগে এলাকাটিতে এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। এ ঘটনায় মন্দিরের ভক্ত ও পূজারিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Easin Arafat