ঢাকা | বঙ্গাব্দ

দুর্গা উৎসবে নিরাপত্তার অঙ্গীকার বিভাগীয় কমিশনারের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
প্রতিনিধির পাঠানো ছবি ছবির ক্যাপশন: প্রতিনিধির পাঠানো ছবি
ad728

আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিস্ট দোসরদের গোপনে তৎপর থাকার বিষয়টি উল্লেখ করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা এবং এই উৎসবকে সাফল্যমন্ডিত করতে প্রশাসন সবসময় জনগণের পাশে আছে। তিনি পূজা উদযাপনকারীদের নির্ভয়ে দুর্গাউৎসব পালনের জন্য উৎসাহিত করেন।

বিশেষ এক সভায় তিনি আরও জানান, কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এজন্য শহর ও গ্রামের সকল পূজামণ্ডপগুলোতে প্রশাসন ও মন্দির কমিটিকে সতর্ক থাকতে হবে। 

বিভাগীয় কমিশনার বলেন, দুর্গাপূজার সময় উদ্দেশ্যমূলকভাবে প্রতিমা ভাংচুরের পরিকল্পনা থাকতে পারে। তাই প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে হবে। তিনি সকলকে সতর্ক থাকার পাশাপাশি গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করার জন্যও আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, র‍্যাব-১৪ এর অধিনায়ক নয়মুল হাসান, জেলা প্রশাসক মো: মফিদুল আলম এবং বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুত্রের তথ্য অনুযায়ী, এবারের দুর্গাপূজায় ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় মোট ১,৬৭৭টি পূজামণ্ডপে দুর্গাউৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৮৪, শেরপুরে ১৭০, নেত্রকোনায় ৫১৭ এবং জামালপুরে ২০৬টি পূজামণ্ডপ রয়েছে। ইতোমধ্যে এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হয়েছে। 

সকলকে সুন্দর ও নিরাপদ একটি দুর্গোৎসব উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Efte Khairul Alam Sajib

কমেন্ট বক্স