নওগাঁ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ইউনিয়ন কার্যালয়ে এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে জেলা বিএনপি।
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইস্কেন্দার আলী। চোখ-নাক-কান ও গলা, গাইনি, কার্ডিওলজি, অর্থোপেডিক ও মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে মোট ১২ জন চিকিৎসক অংশ নেন। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে প্রায় ২০ প্রকার ওষুধ বিতরণ করা হয়।
প্রত্যন্ত এলাকার প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হন।
শিকারপুর গ্রামের গৃহবধূ আরিফা বলেন, “বাড়ির কাছে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে জেনে চিকিৎসা নিলাম। কিছু ওষুধ ফ্রি পেলাম এবং কিছু ওষুদের নাম লিখে দিয়েছে। এতে সুবিধা হয়েছে। বাইরে ডাক্তার দেখালে অন্তত ৫০০-৭০০ টাকা খরচ হতো সেটা বেচে গেল। প্রতিনিয়ত এমন আয়োজন হোক এটাই চাই।
বয়োজ্যেষ্ঠ আমজাদ হোসেন জানান, বয়সের ভারে নানা রকম অসুখ ভীড় করেছে। জানতে পারলাম বাড়ির পাশে ফ্রি ডাক্তার দেখবে তাই আমিও আসলাম। ডাক্তার দেখিয়েছি এরপর ফ্রিতে ঔষধ ও পেলাম, ধন্যবাদ যারা এমন আয়োজন করেছেন।
এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে তৃতীয় দিনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
Revolt News BD