হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ঝালোবাড়ি মাদ্রাসার খালে গত কাল শুক্রবার (২৯ আগস্ট) গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন কলেজ ছাত্র শামীম হোসেন (১৯)। নিখোঁজের ২৪ ঘণ্টা পর আজ শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে একই স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার হওয়া শামীম ওই এলাকার ব্যবসায়ী মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৯ আগস্ট) দুপুর নিত্যদিনের মতো বাড়ির সামনের খালে গোসল করতে নামেন শামীম। এই সময়ে মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ খালের গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।
পরবর্তীতে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়, তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর আজ (৩০ আগস্ট) শনিবার সকালে এলাকাবাসী ও স্বজনরা মিলে খোঁজাখুঁজি করলে, এক পর্যায়ে ছেলের দুলাভাই মতিউর রহমান ওই একই স্থান থেকে দুপুর ১২. ৩০ মিনিট এর দিকে শামীমের মরদেহ উদ্ধার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আমরা খবর পেয়েছি মৃত দেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Revolt News BD