ঢাকা | বঙ্গাব্দ

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইবে পুলিশ : উপদেষ্টা ফাওজুল কবির খান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রেলভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকারের দুই উপদেষ্টার বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনার পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ফাওজুল কবির।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আলোচনার দরজা সবসময় খোলা রয়েছে। তবে, “কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত।” শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া ঘটনাকে ‘সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন—“এ ঘটনার জন্য পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।”

এ সময় উপদেষ্টা জানান, প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই এবং সুপারিশ প্রণয়নের জন্য যে সরকারি কমিটি গঠন করা হয়েছে, তার বাকি পাঁচ সদস্যকেও সঙ্গে নিয়ে আগামীকাল আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

ফাওজুল কবিরের এই ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, সরকারের এ উদ্যোগ যদি আন্তরিক হয়,

তবে তাদের দাবি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি ঘটবে। অন্যদিকে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা কতটা কার্যকর হয়—সেদিকেই এখন সবার দৃষ্টি।

নিউজটি আপডেট করেছেন : Revolt News BD

কমেন্ট বক্স