এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা হলো রাজনৈতিক এবং গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর প্রভাব দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে সীমিত করছে।
গত শনিবার (২৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, অনেক পরিশ্রমী সাংবাদিকদের সঙ্গে কথা বলে বোঝা যায়, এ সমস্যার মূল হলো গভীর কাঠামোগত সংকট। দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যেকোনো সময় চ্যানেল বন্ধ করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন, অনলাইন ও টিভি মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র ৮–১০ হাজার টাকা পান। আর মফস্বলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয়।
পত্রিকাগুলো এখনো ২০১৩ সালের অষ্টম ওয়েজবোর্ড অনুসরণ করে, সেটিও বাধ্যতামূলক নয় বলেও দাবি করে লিখেন, ফলে অধিকাংশ মালিক তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয়, সেখানেও ৪–৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই। মালিক চাইলে যেকোনো সময় ছাঁটাই করতে পারেন।
সাংবাদিকদের ওপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন বলেও উল্লেখ করেন স্ট্যাটাসে।
তিনি আরও অভিযোগ করেন, স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই-এর প্রভাব স্পষ্ট। মালিকরা তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা আসে এবং নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন।
Revolt News BD