প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দুর্নীতি: সাবেক ডিসি ওয়াহিদুলসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিনিধি:: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযুক্তদের কাছে নোটিশ পাঠানো হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আখতারুজ্জামান।
দুদক সূত্রে জানা যায়, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ঘুষ গ্রহণ, দুর্নীতি ও নথিজালিয়াতির অভিযোগে প্রাথমিক অনুসন্ধান চলছে। ইতোমধ্যে সহকারী পরিচালক মো. আখতারুজ্জামানকে প্রধান ও সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দুদক আইন ২০০৪ এর ধারা ১৯ এবং দুদক বিধিমালা ২০০৭ এর বিধি ৮ অনুযায়ী অভিযুক্তদের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশপ্রাপ্ত অভিযুক্ত কর্মকর্তারা হলেন—
মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম
সাবেক জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ
সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র
সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস
জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন, মো. নাজমুল হক সুমন
ভারপ্রাপ্ত কানুনগো মো. নাসির উদ্দিন
মো. আবুল হোসেন, রেজাউল হক, এবং রেকর্ড কিপার মানিক চন্দ্র মণ্ডল
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, “সাবেক ডিসি ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। তাদের বক্তব্য গ্রহণ করা হবে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD