প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
নওগাঁর ধামইরহাট সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশ ইন

নিজস্ব প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশের নাগরিক।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন- কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫), কোহিনুর বেগম (২৬), মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ১০ জনকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরে দুজন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন নারী বাসাবাড়িতে কাজ করতে যান।
পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিএসএফ বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটকদের বিষয়ে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD