প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2025 ইং
ঝিনাইদহে অবৈধ সিসা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান

মিরাজ আহাম্মেদ,স্টাফ রিপোর্টার :
গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টাই, স্থানীয় সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে সিসা কারখানায় অভিযান চালায় ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তর।
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটা "স্টার টু"-তে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কার্যক্রম পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ মুন্তাছির রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশীনা আরিফ অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ পুরনো ব্যাটারি ও ১৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বাংলাদেশ পরিবেশ দূষণ সংরক্ষণ আইন ২০২২-এর ৮ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানের ফলে অবৈধ এই কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অনুরোধ করেছেন যেন এমন অবৈধ কার্যক্রম পুরোপুরি নির্মূল করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD