
আগামী এক–দুদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, জামায়াত সংস্কারের পক্ষে এবং দেশবাসীও সংস্কার চায়, পাশাপাশি বিচারবিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তবে সেখানে জবাবদিহিও নিশ্চিত থাকতে হবে। ক্ষমতায় গেলে জামায়াত বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে গণমাধ্যম যেন কোনো দলের পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করে সে প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।