
সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরিবারটির সঙ্গে যোগাযোগ শেষে সাংবাদিকদের তিনি জানান, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়েছে। তিনি বলেন, যারা গণতন্ত্র ও নির্বাচন চায় না— এমন কোনো শক্তি এ ঘটনার পেছনে জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং এ ধরনের নৃশংস ঘটনার মাধ্যমে নির্বাচন বানচালের যে অপচেষ্টা করা হচ্ছে, জনগণ তা প্রতিহত করবে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন আজিজুর রহমান মুসাব্বির, পরে বিআরবি হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।