
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইইউ এই পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে এবং তাদের ভূমিকা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ। তিনি বলেন, বাংলাদেশ ইইউর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেওয়া এই মিশনের উদ্দেশ্য নয়। এরই মধ্যে ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে কাজ শুরু করেছে এবং মূল নির্বাচনের সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হলেও কমিশন তা দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ড. ইয়াবস বলেন, ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর এই নির্বাচন বাংলাদেশের জন্য ঐতিহাসিক গুরুত্ব বহন করছে এবং একটি পূর্ণাঙ্গ সংসদ গঠনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। ইইউ পর্যবেক্ষণ মিশনের নজর থাকবে ভোটার নিবন্ধন, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ এবং সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর, যা কেবল রাজধানী নয়, দেশের প্রত্যন্ত এলাকাতেও পর্যবেক্ষণ করা হবে। আগামী রোববার রাজধানীর রেনেসাঁ হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলেও জানান তিনি।