
তামিলনাড়ুতে রাজনৈতিক অবস্থান শক্ত করতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সঙ্গে জোট গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটিতে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায় বিজেপি নেতৃত্ব মনে করছে, ডিএমকের বিরুদ্ধে বিরোধী শক্তিগুলোকে একত্রিত করাই আসন্ন বিধানসভা নির্বাচনে কার্যকর কৌশল হতে পারে। সাম্প্রতিক তামিলনাড়ু সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির কোর কমিটির বৈঠকে নেতাদের স্পষ্টভাবে জানান, কেবল লড়াই নয়, জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিতে হবে, যা ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দুর্বল ফলাফলের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করছে। দলীয় সূত্র জানায়, এই কৌশলের অংশ হিসেবেই বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজ্যের মিত্র দল এআইএডিএমকের প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ এড়িয়েছে, যাতে বার্তা যায় যে এনডিএকে ডিএমকেবিরোধী সব শক্তিকে এক ছাতার নিচে আনতে হবে। একই সঙ্গে বিজেপি সক্রিয়ভাবে টিভিকের সঙ্গে জোটের সম্ভাবনা যাচাই করছে, কারণ দলটি নিজেকে তামিলনাড়ুতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। সম্প্রতি টিভিকের পক্ষ থেকে কংগ্রেসের সঙ্গে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতার বিরোধিতার প্রশ্নে স্বাভাবিক জোটের ইঙ্গিত দেওয়ার পর বিজেপির এই উদ্যোগ আরও জোরালো হয়েছে। টিভিকের মুখপাত্র ফেলিক্স জেরার্ড জানিয়েছেন, আদর্শিকভাবে কংগ্রেস ও টিভিক স্বাভাবিক মিত্র হলেও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কিছু ব্যক্তিগত স্বার্থের কারণে সংলাপে অগ্রগতি হচ্ছে না। রোববার কোর কমিটির বৈঠকে অমিত শাহ নেতাদের কাছ থেকে মাঠপর্যায়ের পরিস্থিতি ও জোট সম্ভাবনা নিয়ে মতামত নেন এবং আবেগ নয়, বরং নির্বাচনী হিসাব-নিকাশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেন। তিনি আরও বলেন, নির্বাচনী লড়াই হওয়া উচিত এনডিএ বনাম ডিএমকের মধ্যে, ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতা হিসেবে নয়, এবং আগামী পংগলের মধ্যেই একটি বৃহত্তর জোট কাঠামো গড়ে তোলার নির্দেশ দেন। বিজেপি নেতৃত্বের ভাষ্য অনুযায়ী, এই বার্তার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে ডিএমকের বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করাই এখন দলের প্রধান লক্ষ্য।