প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
বাণিজ্য মেলায় রপ্তানি ও কর্মসংস্থান বাড়বে: প্রধান উপদেষ্টা

ঢাকায় অনুষ্ঠিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এ অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারিত হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বুধবার ৩১ ডিসেম্বর মেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অধ্যাপক ইউনূস বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি অনন্য আয়োজন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনা তুলে ধরবে এবং দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। তিনি বলেন, মাসব্যাপী এই মেলা দেশীয় গুণগত মানসম্পন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে কার্যকর ভূমিকা রাখছে এবং একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তা ও ভোক্তাদের বৈশ্বিক পণ্যের মান, নকশা ও প্রবণতা সম্পর্কে বাস্তব ধারণা দিচ্ছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশীয় পণ্যের প্রচার, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ মেলা একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। তিনি আশা করেন, সব অংশগ্রহণকারীর সক্রিয় সহযোগিতায় এবারের মেলা হবে সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর এবং শেষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD