
পাকিস্তান প্রথমবারের মতো ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুরে’ সৃষ্টি হওয়া ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে। দেশের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের মতে, অভিযানের ফলে নূর খান বিমান ঘাঁটিতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে ভারত ৮০টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছিল, তবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ৭৯টি আটকাতে সক্ষম হয়। নূর খান বিমান ঘাঁটি পাকিস্তানের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটির মধ্যে একটি। দার আরও বলেন, ভারতের এই হামলা ভুল ছিল এবং এর ফলে পাকিস্তান পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উম মারসুস’ চালানোর সিদ্ধান্ত নেয়। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দেন, পাকিস্তান যুদ্ধে জড়ানোর ইচ্ছা রাখে না। এ বক্তব্যের মাধ্যমে পাকিস্তান আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে।