
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হওয়ার পাশাপাশি সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্তে চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং সীমান্তরক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বাহিনীর উন্নয়নে সরকারের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না এবং স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নিতে হবে। একই সঙ্গে ডিসিপ্লিন, প্রশিক্ষণ ও কল্যাণ—এই তিনটি বিষয় সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না এবং অধীনস্থ সদস্যদের কল্যাণের প্রতিও নজর রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিজিবির ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, দায়িত্বশীল ও পেশাদার আচরণের মাধ্যমে বিজিবি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।