
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেরারি বা পলাতক আসামিদের প্রার্থী হওয়ার সুযোগ থাকছে না বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নতুন বিধান অনুযায়ী, আইনের চোখে কোনো ব্যক্তি ফেরারি হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশেষ পরিপত্র জারি করেছে ইসি, যা ইতোমধ্যে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে ‘অভিযুক্ত’ ও ‘পলাতক’ আসামির সংজ্ঞা স্পষ্ট করার পাশাপাশি কারান্তরীণ ও জামিনপ্রাপ্ত প্রার্থীদের হলফনামা দাখিলের নিয়মাবলি ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে, আদালতে অভিযোগ গঠিত হলেই সংশ্লিষ্ট ব্যক্তি ‘অভিযুক্ত’ হিসেবে বিবেচিত হবেন, জামিনপ্রাপ্তদের ক্ষেত্রে জামিনের সত্যায়িত কপি দাখিল ঐচ্ছিক হলেও কারান্তরীণদের হলফনামা জেল কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। একই সঙ্গে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য প্রার্থী বা তার নিয়োজিত এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়, জামিন পাওয়ার পর পলাতক হওয়া কিংবা প্রথম থেকেই অনুপস্থিত থেকে আদালতের বিজ্ঞপ্তির পরও হাজির না হওয়া ব্যক্তিকে পলাতক আসামি হিসেবে গণ্য করা হবে।