
ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নামে তার সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে ব্যাপক জনসমাগম সৃষ্টি হয় এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। সড়ক অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, ওসমান হাদির লড়াই সবার লড়াই এবং এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই, যেখানে তারা কোনোভাবেই পিছপা হবেন না।