প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
ভারতে বিয়ের দাওয়াতে ‘বিফ’ স্টিকার ঘিরে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক।
ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক বিয়ের অনুষ্ঠানে খাবারের টেবিলে রাখা ‘বিফ কারি’ লেখা স্টিকারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আকাশ ও গৌরব কুমার নামের দুই অতিথি ডাইনিং কাউন্টারের সামনে স্টিকারটি দেখে আপত্তি তোলেন এবং মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে সেখানে উপস্থিতদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠান।
সার্কেল অফিসার সর্বম সিং জানান, ক্যাটারারসহ জড়িত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ফরেনসিক রিপোর্টে মাংসের প্রকৃতি নির্দিষ্টভাবে জানা গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। এতে আপত্তি জানানোর পর গৌরব কুমার লিখিত অভিযোগ জমা দেন, যেখানে তিনি দাবি করেন—ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে ‘বিফ কারি’ লেখা হয়েছিল।
পুলিশ জানায়, ভারতে ‘বিফ’ শব্দটি অনেক সময় বৈধ মহিষের মাংস ও নিষিদ্ধ গরুর মাংস উভয় অর্থেই ব্যবহৃত হয়। এই কারণে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ভুল বোঝাবুঝি থেকে প্রায়ই এমন উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপির কিছু কর্মী থানায় জড়ো হয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে বিএসপি নেতা সালমান শাহিদ অভিযোগ করেন, বিজেপি কর্মীরা অতিরিক্ত চাপ সৃষ্টি করছেন এবং বিষয়টি যে ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, তা ব্যাখ্যা করা সত্ত্বেও তারা তা মানতে চাইছেন না।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর সত্যিকার অর্থে খাবারে কী পরিবেশন করা হয়েছিল—সেটি জানতে এখন সবার দৃষ্টি ফরেনসিক রিপোর্টের দিকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD