প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানের নৌবাহিনী: সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক,
ইরান জানিয়েছে, তাদের নৌবাহিনী আঞ্চলিক জলসীমায় যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির মোকাবিলায় সবসময় প্রস্তুত। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এ কথা জানান।
জেনারেল মুসাভি বলেন, ইরানের নৌবাহিনী এখন কৌশলগতভাবে এমন সক্ষমতা অর্জন করেছে—যা তাদের নিজের শক্তি ও দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি দাবি করেন, সম্ভাব্য যে কোনো আক্রমণের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর জবাব দিতে সক্ষম বলে তারা ইতোমধ্যেই প্রমাণ করেছে।
তার ভাষায়, নৌবাহিনীর জিহাদি মনোভাব, নিজস্ব উদ্যোগ ও শক্তিশালী পরিকল্পনার কারণেই তারা আজ পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় স্থিতিশীল নিরাপত্তা বজায় রাখতে পারছে।
তিনি আরও জানান, সেনাবাহিনীর নাভাল ইউনিট ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসি–র নৌ ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ইতোমধ্যে একটি কার্যকর নিরাপত্তা কাঠামো তৈরি করেছে, যা যেকোনো হুমকির বিরুদ্ধে “দৃঢ় প্রতিরোধ ব্যবস্থা” হিসেবে কাজ করছে।
জেনারেল মুসাভির দাবি—ইরানের এই যৌথ নৌশক্তি এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে বাহ্যিক আক্রমণকারীরা আগ্রাসন চালানোর আগে শতবার ভেবে দেখতে বাধ্য হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD