প্রিন্ট এর তারিখঃ May 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2025 ইং
আল্লাহ ও রাসুল (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে আল্লাহ তায়া'লা ও রাসুলুল্লাহ (সাঃ)–কে অশালীন ভাষায় কটুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে তাওহীদী জনতা। এ ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর মেইন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজন করা হয় এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
জুম্মার নামাজ শেষ হতেই বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। মুহূর্তেই সমাবেশস্থল স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বক্তারা বলেন, একজন শিল্পীর পরিচয়ে ধর্মীয় অনুভূতিকে আঘাত করে কটুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না। আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সাঃ)–এর মর্যাদা রক্ষায় তারা রাজপথে সোচ্চার থাকবেন এবং অভিযুক্ত বাউল শিল্পীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামা, ব্যবসায়ী, সাধারণ মুসল্লিসহ হাজারো মানুষ অংশ নেন।
আয়োজকরা বলেন, ধর্মীয় পবিত্রতা রক্ষা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
কালীগঞ্জ তাওহীদী জনতার ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD