প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
নয়াদিল্লির হামলার পর আবারও ভারত সফর স্থগিত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক,
ভারতে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আবারও নয়াদিল্লি সফর বাতিল করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে মূল্যায়ন না হওয়া পর্যন্ত তার সফর পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সূত্র। এতে করে চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো ভারত সফর বাতিলের ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, দুই সপ্তাহ আগে রাজধানী নয়াদিল্লিতে ঘটে যাওয়া বড় ধরনের বোমা হামলায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটে। গত এক দশকে এটি শহরটির সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা আরো দৃঢ় করার আগ পর্যন্ত ইসরাইলি প্রধানমন্ত্রী ভারত সফর করতে আগ্রহী নন।
আগেই ধারণা করা হয়েছিল, বছর শেষ হওয়ার আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফরে আসবেন। তবে একের পর এক নিরাপত্তাজনিত কারণে তার পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। এর আগে সেপ্টেম্বর মাসে নির্ধারিত সফরও তিনি স্থগিত করেছিলেন ইসরাইলে নির্বাচনী প্রস্তুতির কারণ দেখিয়ে। এপ্রিলেও তিনি একইভাবে একটি সফর বাতিল করেন।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মহলে ইসরাইলি প্রধানমন্ত্রীর অবস্থান দৃঢ় করার কৌশলের অংশ হিসেবেই তার এসব বৈদেশিক সফর পরিকল্পনা করা হয়। গত জুলাইয়ে নির্বাচনী প্রচারণার সময় লিকুদ পার্টির পোস্টারেও মোদি, ট্রাম্প ও পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি ব্যবহার করা হয়েছিল, তাকে বিশ্ব পরিমণ্ডলের বড় নেতাদের সারিতে তুলে ধরার প্রচেষ্টায়।
নেতানিয়াহু সর্বশেষ ভারত সফর করেছিলেন ২০১৮ সালে। অন্যদিকে, ২০১৭ সালে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ইসরাইল সফর করেন, যা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD