প্রিন্ট এর তারিখঃ Oct 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল–শিবিরের সংঘর্ষ, আহত তিন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানো নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন কলেজের গণমাধ্যমসংশ্লিষ্ট কর্মীও রয়েছেন বলে জানা গেছে। তবে এখনো কারো পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে কলেজের প্রধান ফটকের কাছে। পুলিশ জানায়, নবীনবরণ উপলক্ষে শিবিরের কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার লাগাচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা বাড়লে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় ঘটনার ভিডিও ধারণ করছিলেন কলেজের গণমাধ্যমকর্মীরা, তারাও হামলার শিকার হন।
আহতদের রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, ব্যানার টানানো নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, উত্তেজনা এড়াতে রাতজুড়ে ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD