প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
আমার উপহার পাওয়া নৌকার সঙ্গে আওয়ামী লীগের প্রতীকের মিল নেই: উপদেষ্টা ফাওজুল

এন,এস আবিদ মাহমুদ, বিশেষ প্রতিনিধি:: ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির কাছে থেকে মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার নিয়ে বিপাকে পড়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গতকাল শনিবারের ওই ঘটনায় ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরই প্রেক্ষাপটে এ নিয়ে আজ নিজের অ্যাকাউন্টে পোস্ট দিয়ে চাইলেন পাঠকের পরামর্শ।
উপদেষ্টা ফাওজুল তাঁর অ্যাকাউন্টে লিখেছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়।
তিনি বলেন, কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই।
উপদেষ্টা আরও লিখেছেন, এখন আমি–
১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে;
২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়;
৩. শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা
৪. নিজে রেখে দিতে পারি।
উপদেষ্টা শেষে লিখেছেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। ওই অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খানকে নৌকা উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD