প্রিন্ট এর তারিখঃ Jul 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়লার ভাগাড়: চরম অব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ব্যাহত

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। হাসপাতালের খোলা স্থানে প্রতিনিয়ত ফেলা হচ্ছে খাবারের উচ্ছিষ্ট, মেডিক্যাল বর্জ্য, রক্তমাখা গজ-তুলা, ইনজেকশনের সিরিঞ্জসহ নানা পরিত্যক্ত সামগ্রী। এতে ১০০ শয্যার এ সরকারি হাসপাতালটি এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, হাসপাতালটির পরিচ্ছন্নতা কার্যক্রম দীর্ঘদিন ধরে ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে এবং রোগীদের ভোগান্তি চরমে উঠেছে।
একজন রোগীর স্বজন বলেন, হাসপাতালের চারপাশে এমন দুর্গন্ধ যে এখানে দাঁড়ানোই কঠিন। রক্তমাখা তুলা ও ইনজেকশনের সুই খোলা জায়গায় পড়ে থাকে, যা অত্যন্ত বিপজ্জনক।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পর্যাপ্ত পরিমাণ পরিচ্ছন্নতাকর্মী না থাকায় নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
স্বাস্থ্যসেবা গ্রহণে আগত সাধারণ মানুষ মনে করছেন, দ্রুত সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম না নিলে হাসপাতালের পরিবেশ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD