প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
নীলফামারীতে থাই ভিসা প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

শেরিফ হোসেন,নীলফামারী প্রতিনিধি:: নীলফামারীতে থাই ভিসা প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৫ অক্টোবর ২০২৫) রাত ১টার দিকে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে সৈয়দপুর উপজেলার ধলাগাছ মাঝাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, মাননীয় পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান–এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই দুইজনকে আটক করা হয়। এসময় আরও ২-৩ জন পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ মুন্না ইসলাম (২০) পিতা- মোঃ রবিউল ইসলাম
২. মোঃ সানজিদ রায়হান (২২) পিতা- মোঃ মুনসুর আলী
উভয়েরই বাড়ি ধলাগাছ মাঝাপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।
অভিযান চলাকালে তাদের নিকট থেকে ১টি Vivo Y21 এবং ১টি Oppo A76 মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। যা প্রতারণা কর্মকাণ্ডে ব্যবহৃত হতো বলে জানায় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় এফআইআর নং-২৪, তারিখ: ২৫ অক্টোবর ২০২৫; জি আর নং-২৩৩/২৫; সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭(২)(১) তৎসহ দণ্ডবিধি ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD